জাতীয় সংসদ নির্বাচন শেষে বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আরও সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নজরুল ইসলাম খান বলেন, আসন্ন নির্বাচনে বিএনপি সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে এবং একটি শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় দলটি।
তিনি জানান, বৈঠকে তারেক রহমান ইইউ প্রতিনিধিদের উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবার জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিয়ে তাদের মতামত প্রকাশ করতে চায়। এ লক্ষ্যে বিএনপি নির্ধারিত সময়েই গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করে। একই সঙ্গে তিনি বাংলাদেশের উন্নয়নে ইইউ’র আগের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে আরও কার্যকর সহযোগিতার আশা প্রকাশ করেন।
নজরুল ইসলাম খান বলেন, ইইউ প্রতিনিধিরা জানিয়েছেন—আগামী দিনে তারা বাংলাদেশের পাশে আরও জোরালোভাবে দাঁড়াবে এবং উন্নয়ন সহযোগিতা বাড়াতে আগ্রহী। পাশাপাশি আসন্ন সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে চায় বলেও তারা জানিয়েছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।
নির্বাচনে ইইউ পর্যবেক্ষক উপস্থিত থাকলে নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে উল্লেখ করে তিনি বলেন, বিগত কয়েকটি নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠালেও এবার তারা বড় পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে—এমন আস্থাই প্রতিফলিত হয়।
বৈঠকে শ্রমিকদের উন্নয়ন ও অধিকার প্রসঙ্গেও আলোচনা হয় বলে জানান নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি সরকারের আমলেই লেবার কোর্ট, লেবার ওয়েলফেয়ার ফাউন্ডেশন গঠন এবং শ্রমিকবান্ধব আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছিল—যা ইইউ প্রতিনিধিদের সামনে তুলে ধরা হয়।
বৈঠকে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও উপদেষ্টা ড. মাহাদী আমিন উপস্থিত ছিলেন। ইইউ প্রতিনিধি দলে ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পাম্পালোনি, দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান মনিকা বাইলাইট এবং আইনি উপদেষ্টা রাস্তিস্লাভ স্প্যাক।



