চলতি মাসের প্রথম ১০ দিনে রেমিট্যান্স এক বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে রোববার (১১ জানুয়ারি) জানানো হয়, প্রবাসী বাংলাদেশিরা এই সময়ে ১১২ কোটি ৭০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় ১৩ হাজার ৭৪৯ কোটি টাকার বেশি। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৪১ কোটি ডলার বেশি। রেমিট্যান্স আসার এ ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। দেশের ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলার, যা ২০২৪-২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।



