জামায়াতে ইসলামীর নেতৃত্বে ১১ দলীয় নির্বাচনি সমঝোতার চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে লড়বে।বৃহস্পতিবার রাত ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে সংবাদ সম্মেলনে এই ঘোষণা করা হয়। এর আগে সকালে নির্বাচনি সমঝোতা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়, যাতে জামায়াতসহ ১০টি দলের শীর্ষ নেতারা অংশ নেন। ইসলামী আন্দোলনের কেউ বৈঠকে যোগ দেননি। মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে আসন সমঝোতা ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়।সূত্রের তথ্য অনুযায়ী, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলা বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আল কাদের, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নেতারা।



