উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের কাছে কোনো কার্ড নেই, আপনারাই আমাদের কার্ড। আপনাদের বুকের মধ্যে একটা কার্ড চাই। বন্ধ চিনিকল খুলে দিতে চাই। এতদিন স্লোগান ছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া, এখন থেকে স্লোগান হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ। শুক্রবার পঞ্চগড় জেলা চিনিকল মাঠে দশ দলীয় জোটের আয়োজিত নির্বাচনি প্রচারণা সমাবেশে জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। দশ দলীয় জোটের প্রধান ডা. শফিকুর রহমান বলেন, আমি বক্তৃতা দিতে আসিনি, সাক্ষী হতে এসেছি। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে উত্তরবঙ্গ দরিদ্র নয়, বরং দরিদ্র করে রাখা হয়েছে। উত্তরবঙ্গে আর বেকার দেখতে চাই না, বরং কাজ তৈরি করে দিতে চাই। নদী আল্লাহর দান, অথচ চারটি নদী শুকিয়ে গেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, এ দেশের কি মা-বাবা ছিল না, তাহলে নদী মরে গেল কেন? তিনি আরও বলেন, ওরা নির্বাচনের কোকিল, নির্বাচন আসলে কুহু কুহু ডাকে। কিন্তু আমরা আপনাদের সঙ্গেই ছিলাম। আমরা দেশ ও দেশের জনগণকে রেখে কোথাও যাইনি। শত নির্যাতনের মধ্যেও আপনাদের সঙ্গে ছিলাম, আগামীতেও একসাথে দেশ গড়ব ইনশাআল্লাহ। উত্তরবঙ্গকে নতুন করে গড়ে তুলব। চৌষট্টি জেলায় চৌষট্টি মেডিকেল কলেজ গড়ে তুলব ইনশাআল্লাহ। আপনারা বলবেন টাকা আসবে কোথা থেকে? দেশ থেকে ২৮ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়, আমরা সেই টাকা ওদের গলার ভেতর থেকে নিয়ে আসব ইনশাআল্লাহ। তিনি বলেন, আপনারা সুযোগ দিলে দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি ও টাকা পাচার রুখে দেব। নতুন কোনো দুর্বৃত্ত যেন নতুন কাপড় পরে আসতে না পারে, আল্লাহ তাদের রুখে দিন। ১২ তারিখ সত্যের বিজয় আল্লাহ দান করুন।



