আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটারদের জন্য ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ অ্যাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন। ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। তিনি বলেন, ‘Smart Election Management BD’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে এবং এর মাধ্যমে ভোটকেন্দ্রের জিও লোকেশন, ছবি, দূরত্ব ও ম্যাপসহ বিস্তারিত তথ্য দেখা যাবে। এছাড়া অ্যাপটি থেকে নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের হলফনামা, নির্বাচন–সংক্রান্ত বিভিন্ন তথ্য এবং ফলাফলও জানা যাবে। ফলে ভোটারদের পাশাপাশি সাধারণ মানুষ ও আগ্রহী ব্যক্তিরাও সহজে নির্বাচন–সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাপটি একবার ইনস্টল করার পর জন্মতারিখ ও ভোটার আইডি কার্ডের নম্বর দিলে যাবতীয় তথ্য পাওয়া যাবে। এর মধ্যে বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম ও ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বরসহ বিভিন্ন তথ্য থাকবে। অ্যাপটি ইনস্টল করে ভোটাররা জন্মতারিখ ও এনআইডি নম্বর দিয়ে ভোটকেন্দ্রের ঠিকানা, ভোট দেওয়ার সিরিয়াল নম্বর ও প্রার্থীদের প্রতীকের মতো তথ্যও জানতে পারবেন।



