জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী শারমিন জাহান (২৩) নিজ বাসায় খুন হয়েছেন। আজ রোববার বিশ্ববিদ্যালয়সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত শারমিন জাহান চাঁদপুরের কচুয়া এলাকার বাসিন্দা এবং বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন। তিনি তাঁর স্বামী ফাহিম আল হাসানের সঙ্গে ইসলামনগর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
শারমিনের স্বামীর ভাষ্যমতে, আজ দুপুরে তিনি বাসায় ছিলেন না। বেলা আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে বাসায় ফিরে তিনি দেখতে পান বাসার প্রধান দরজা বাইরে থেকে বন্ধ। পরে ভেতরে প্রবেশ করে তিনি মেঝেতে শারমিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। শারমিনের মাথায় গভীর আঘাতের চিহ্ন ছিল এবং তিনি সম্পূর্ণ নিস্তেজ অবস্থায় ছিলেন। পরে বাসার মালিক ও প্রতিবেশীদের সহযোগিতায় তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
খবর পেয়ে এনাম মেডিকেল কলেজে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমসহ কয়েকজন শিক্ষার্থী। প্রক্টর জানান, তাঁরা ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন এবং পুলিশ প্রশাসনকে যথাযথ তদন্তের (প্রপার ইনভেস্টিগেশন) জন্য অনুরোধ করেছেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার ঘটনাটিকে একটি হত্যাকাণ্ড (মার্ডার কেস) হিসেবে নিশ্চিত করেছেন। তিনি জানান, ইতিমধ্যে মৃতদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত তথ্য জানা যাবে।



