প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম জেলা সফরে আগামীকাল সোমবার দিনাজপুর যাচ্ছেন তারেক রহমান। এই সফরে তিনি কাহারোল উপজেলার সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে দেশের ৫৩টি স্থানে একযোগে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।
সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী সকালে সৈয়দপুর বিমানবন্দর হয়ে দিনাজপুরের কাহারোলে পৌঁছাবেন। বেলা সাড়ে ১১টায় কর্মসূচির উদ্বোধন শেষে তিনি স্থানীয় জনসভায় বক্তব্য দেবেন এবং দুস্থদের মাঝে ছাগল বিতরণ করবেন।
বিকেলে তিনি শহরের ফরিদপুর কবরস্থানে নিকটাত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর গোর-এ-শহীদ বড় ময়দানে সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।



