রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে মো. রাকিব (২৭) নামে এক ভিডিও কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। আজ রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ নৃশংস ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে রাকিব বন্ধুদের সঙ্গে শহীদ মিনারের পাশে একটি চা দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় এক যুবক তাকে ডেকে নিয়ে যায় এবং হঠাৎ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পরে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। ঘটনাস্থলে থাকা লোকজন ধাওয়া করে একজনকে ধরে ফেলে এবং পরে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। আটক যুবকের নাম সিহাব হোসেন, যার বাড়ি খুলনা জেলায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, ঘটনার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। নিহত ও অভিযুক্ত দুজনই বহিরাগত। পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করেছে। নিহত রাকিব শেখ বোরহান উদ্দিন কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং পুরান ঢাকার নিমতলী এলাকায় তার পরিবার বসবাস করে। শাহবাগ থানা পুলিশ বর্তমানে বিষয়টি তদন্ত করছে।



