স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জ জেলা সদরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এ ঘটনায় দুলাল মিয়া (৫০) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০-১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার বিরোধের সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান।
এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং দুলাল মিয়াকে রক্ষা করতে এগিয়ে যান ব্যবসায়ী সুমন। এতে ক্ষিপ্ত হয়ে রুবেল তাকে ছুরিকাঘাত করেন। হামলায় সুমন ও দুলাল দুজনই গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বিকেলে এলাকাবাসী অভিযুক্ত রুবেল মিয়া (৩২)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



