নাজমুল সাদ , হোমনা (কুমিল্লা) প্রতিনিধিঃ
কুমিল্লার হোমনা উপজেলার পূর্ব পাড়ায় যুব সমাজের উদ্যোগে এক আনন্দঘন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ ২০২৬ খ্রি.) আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি, সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সোনাকান্দা দরবার শরীফের খলিফা মোহাম্মদ আবদুল খালেক। এ সময় উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি মোঃ মহিউদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. মোঃ আজিজুর রহমান মোল্লা সহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এমপি বলেন, “ঈদ মানেই আনন্দ, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধন। এ ধরনের আয়োজন সমাজে সম্প্রীতি ও ঐক্যকে আরও সুদৃঢ় করে। তরুণদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতেও এমন সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে হবে, যাতে একটি সুন্দর ও সহমর্মিতাপূর্ণ সমাজ গড়ে ওঠে।”
তিনি আরও বলেন, “যুব সমাজই দেশের মূল শক্তি। তাদের ইতিবাচক কর্মকাণ্ডই সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্রনেতা সেলিম মাস্টার ও জাহিদুল ইসলাম (অপু)। আলোচনা পর্ব শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সোনাকান্দা দরবার শরীফের খলিফা মোহাম্মদ আবদুল খালেক।
শেষে উপস্থিত সবার মাঝে শুভেচ্ছা বিনিময় ও মিলনমেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।



