রকি হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, “একটি শিশুও যেন হাম রোগের টিকা থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করছে।” তারা আরও জানান, হাম ও রুবেলা প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, এ বছর জেলার ১৩টি উপজেলায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৩ লাখ ৯৫ হাজার ৭০৫ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, সিভিল সার্জন ডা. অভিজিৎ শর্মা, শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক ডা. সাইফুল ইসলাম, কিশোরগঞ্জ সদর হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. শামসুল আলম এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজরিনা তৈয়বসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই টিকাদান কর্মসূচি সফলভাবে সম্পন্ন হবে এবং শিশুরা মারাত্মক এই রোগ থেকে সুরক্ষিত থাকবে।



