নাজমুল সাদ,হোমনা,কুমিল্লাঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হোমনা-মেঘনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন মোল্লা হোমনা, তিতাস ও মেঘনা উপজেলার সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
তিনি বলেছেন, এ তিনটি উপজেলা দীর্ঘদিন ধরে শান্তিপ্রিয় জনপদ হিসেবে পরিচিত হলেও সাম্প্রতিক সময়ে নানা সামাজিক, রাজনৈতিক ও অপরাধমূলক ঘটনায় সাধারণ মানুষের মধ্যে শঙ্কা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেন, চুরি, মাদক, কিশোর গ্যাং, সামাজিক সহিংসতা এবং একের পর এক আলোচিত হত্যাকাণ্ড মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। নিরাপত্তাহীনতার ছায়া মানুষের মনে বিস্তার লাভ করছে বলেও তিনি মন্তব্য করেন।
নাজিম উদ্দিন মোল্লা বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি সুস্থ সমাজ গড়ে তোলা শুধু প্রশাসনের দায়িত্ব নয়; জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সবাইকে সচেতনতা, দায়িত্ববোধ ও মানবিকতার জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানান।
তিনি প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আরও তৎপর, নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, অপরাধী যে-ই হোক, তার পরিচয় বা প্রভাবের ঊর্ধ্বে উঠে দ্রুত আইনের আওতায় আনতে হবে। একইসঙ্গে প্রতিটি অপরাধের দ্রুত তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিবৃতিতে তিনি মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক সহনশীলতা, সামাজিক সম্প্রীতি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।
শেষে তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে হোমনা, তিতাস ও মেঘনা শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হবে।



