আবদুল্লাহ সামি, কুমিল্লা (উত্তর) জেলাঃ
কুমিল্লার দেবিদ্বারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধ দুইটি ইটভাটাকে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ও কাঁচামাল ধ্বংস করে দেওয়া হয়।
বুধবার সকালে উপজেলার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর কুমিল্লা। অভিযানে লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এইচ বি এসি ব্রিকস এবং একতা ব্রিকস নামের দুইটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ।
এ সময় তিনি বলেন, বৈধ কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া কোনো ইটভাটা পরিচালনা করা যাবে না। ইটভাটা মালিকদের প্রয়োজনীয় লাইসেন্স ও ছাড়পত্র নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, পরিবেশদূষণ রোধ এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



