দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় জনদুর্ভোগ লাঘব ও শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ ৩১ মে, ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সিএনজি ও বাস ভাড়া মনিটরিং করা হয়, যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। এছাড়া, রাস্তার ওপর গড়ে ওঠা বিভিন্ন অস্থায়ী ফলের দোকান উচ্ছেদ করা হয়েছে, যার ফলে যানজট নিরসনসহ পথচারীদের চলাচলের পথ সুগম হয়েছে।
অভিযান প্রসঙ্গে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বলেন, জনস্বার্থে ও সুষ্ঠু যানচলাচল নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের এই কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উপজেলা প্রশাসনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল ও সাধারণ যাত্রীগণ।



