দিল মোহাম্মদ চঞ্চল,ফুলপুর উপজেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আযহা পরবর্তী আনন্দ ভাগাভাগি করে নিতে ও পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর মিনি স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে মাঠে নেমেছিলেন সংগঠনটির অঙ্গসংগঠন যুব মজলিস ও ছাত্র মজলিসের খেলোয়াড়রা।
আয়োজকরা জানান, ঈদের আনন্দকে কেন্দ্র করে আয়োজিত এই ফুটবল ম্যাচটি ছিল অত্যন্ত প্রাণবন্ত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। নির্ধারিত সময়ে ২-০ গোলের ব্যবধানে যুব মজলিসকে পরাজিত করে জয়লাভ করে ছাত্র মজলিস ফুলপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচটি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের দারুণভাবে মুগ্ধ করেছে।
ম্যাচ শেষে আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো হয় এবং অংশগ্রহণকারী উভয় দলের সকল খেলোয়াড়ের প্রতি কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
খেলা চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস ফুলপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ডা. আজহারুল ইসলাম ও মাওলানা শামসুল হক, সাধারণ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন, বায়তুল মাল সম্পাদক মোহাম্মদ শাহজাহান সরকারসহ সংগঠনের স্থানীয় পর্যায়ের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
ম্যাচ শেষে বক্তারা বলেন, ‘খেলাধুলা কেবল শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং মানুষের মাঝে ঐক্য ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করে। আজকের এই প্রীতি ম্যাচের মাধ্যমে আমাদের মাঝে ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি পাবে।’
খেলাধুলার মাধ্যমেই আগামী দিনেও পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের সুদৃঢ় বন্ধন বজায় থাকবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও স্থানীয় সচেতন মহলের।



