নাজমুল সাদ, হোমনা, প্রতিনিধি:
কুমিল্লার হোমনা উপজেলায় হঠাৎ করেই বেওয়ারিশ পাগলা কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষকে কামড়ে আহত করার ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একদিনেই অন্তত ২০ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মরত কর্মকর্তা মো. মতিউর রহমান। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সকাল প্রায় পৌনে ৯টার দিকে তিনি বাড়ি যাওয়ার পথে একটি পাগলা কুকুরের অতর্কিত আক্রমণের শিকার হন। পেছন থেকে এসে কুকুরটি তাকে আক্রমণ করলে তিনি আত্মরক্ষার চেষ্টা করেন। এ সময় কুকুরটি আরও ক্ষিপ্ত হয়ে তার উভয় পায়ে কামড়ে দেয়।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিনভর গৃহস্থালি কাজ, বাজারে যাতায়াত এবং সড়কে চলাচলের সময় একই কুকুরের আক্রমণে নারী-পুরুষসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। অনেকেই তাৎক্ষণিকভাবে স্থানীয়ভাবে চিকিৎসা নিলেও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের কামড়ে আহত ৭ জন জরুরি বিভাগে এবং আরও ৩ জন বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজন জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণের জন্য ঢাকার মহাখালীতে গেছেন।
এদিকে মানুষের ওপর কুকুরটির ধারাবাহিক আক্রমণের ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মানুষকে কামড়ানো কুকুরটি এখনও বিভিন্ন বাড়িঘর ও রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে, ফলে যে কোনো সময় আরও হতাহতের ঘটনা ঘটতে পারে।
ভুক্তভোগী ও এলাকাবাসী দ্রুত কুকুরটিকে শনাক্ত করে অপসারণ এবং বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পৌরসভা ও উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তাৎক্ষণিক পদক্ষেপের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।



