মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ এবং তাদের অন্যান্য অঙ্গসংগঠনের আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত ১৩ জুন ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোপীনাথদিয়া গ্রামস্থ রাজবাড়ী ফিলিং স্টেশনের দক্ষিণ পাশে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কে অনুমান ৩০-৩৫ জন নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ, যুবলীগের সক্রিয় সদস্য সরকার উৎখাত, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, দেশে অস্থিরতা সৃষ্টি, জনসাধারণের নিরাপত্তা বিপন্ন করা এবং জনমনে ভীতি সৃষ্টির উদ্দেশ্যে একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলে সরকার উৎখাত ও রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং অংশগ্রহণকারীদের হাতে নিষিদ্ধ সংগঠনগুলোর ব্যানার-ফেস্টুন ছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
রাজবাড়ী জেলার পুলিশ সুপার মঞ্জুর মোরশেদের সার্বিক নির্দেশনায় এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষের তত্ত্বাবধানে শনিবার (১৪ জুন) থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— ছোট নুরপুরের মৃত হাকিম মাতুব্বরের ছেলে মোঃ রাব্বানী (৪৬), রাধাকান্তপুরের আঃ কুদ্দুস শেখের ছেলে মাইনউদ্দিন শেখ (৪২), ভবদিয়ার মৃত আঃ লতিফের ছেলে মোঃ নাসির উদ্দিন (৪২), আলাদীপুরের সাইদুর রহমানের ছেলে মোঃ রিয়াদ মন্ডল (২৬), ভান্ডারিয়ার মৃত তমিজ উদ্দিনের ছেলে মোঃ আঃ ছালাম মিলন (৫৭), দক্ষিণ ভবানীপুরের মৃত আঃ সালামের ছেলে মোঃ সাইফুল ইসলাম সোহাগ (৪২), খানখানাপুর ইউনিয়নের রসুলপুরের আব্দুল আলিমের ছেলে নাহিদ মিয়া (২৪) এবং শহীদ ওহাবপুর ইউনিয়নের ধুলদি জয়পুরের মৃত আনছার আলী শেখের ছেলে মোঃ নাসির শেখ (৬৪)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় পুলিশি প্রহরায় আদালতে প্রেরণ করা হয়েছে।



