নাজমুল সাদ, হোমনা কুমিল্লা:
নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত “মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়)” প্রকল্পের আওতায় হোমনা উপজেলায় দুই দিনব্যাপী কেন্দ্র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
রবিবার (১৫ জুন) হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, হোমনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা আব্দুস সাত্তার। সভাপতিত্ব করেন খন্দকার লুৎফর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, “এই প্রশিক্ষণে অংশগ্রহণকে যেন কেউ শুধু আনুষ্ঠানিকতা বা সময় কাটানোর বিষয় হিসেবে না দেখেন। দুই দিন প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রকৃত জ্ঞান ও দক্ষতা অর্জন করতে হবে। এখানে যা শেখানো হবে, তা নিজ নিজ কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। একজন শিক্ষক শুধু পাঠদানই করেন না, তিনি একজন শিক্ষার্থীর নৈতিক ও মানবিক বিকাশেরও পথপ্রদর্শক। তাই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিশুদের আদর্শ ও মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা আব্দুস সাত্তার বলেন, “শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, নৈতিক ও ধর্মীয় শিক্ষাও একজন মানুষের চরিত্র গঠনের অন্যতম ভিত্তি। শিশুদের কোরআন শিক্ষা, ইসলামী আদর্শ ও নৈতিকতা চর্চায় এই প্রকল্প অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।”
সভাপতির বক্তব্যে খন্দকার লুৎফর রহমান বলেন, “ইসলামিক ফাউন্ডেশনের এ কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের পাঠদান পদ্ধতি ও দক্ষতা উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান আরও সমৃদ্ধ হবে।”
দুই দিনব্যাপী এ প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন কেন্দ্রের শিক্ষকরা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণে পাঠদান কৌশল, নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ এবং শিশুদের উপযোগী শিক্ষণ পদ্ধতি বিষয়ে আলোচনা করা হচ্ছে।



