ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সাহসী ও নির্যাতিত নেতা নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় গভীর প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (২৯ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে দলের যুগ্মমহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, “ফ্যাসিবাদ-উত্তর এই সময়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর প্রশাসনের এ ধরণের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, সহ্য করা যায় না।”
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের প্রধান চাওয়া হলো সম্ভাব্য যেকোনো ফ্যাসিবাদী উত্থান রোধ করা। অথচ জাতীয় পার্টি অতীতে ফ্যাসিবাদের পক্ষে ও গণতন্ত্রের বিরুদ্ধে ভূমিকা রেখেছে। আওয়ামী ফ্যাসিবাদের আইনী ভিত্তি গড়ে তোলার পেছনেও তাদের ভূমিকা ছিল। ৫ আগস্টের পর জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, যা হয়নি। অথচ এখন জাতীয় পার্টির ইস্যুতে নুরুল হক নুরের মতো একজন ফ্যাসিবাদ বিরোধী নেতাকে রাস্তায় লাঠিপেটা করা আসলে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধেই অবস্থান নেওয়া।
মাওলানা গাজী আতাউর রহমান আরও বলেন, “আমরা বিশ্বাস করতে চাই এটি মাঠে থাকা সেনা ও পুলিশ সদস্যদের তাৎক্ষণিক ভুল সিদ্ধান্তের ফল। তবে কেন ফ্যাসিবাদ বিরোধী একজন শীর্ষ নেতাকে মারধর করা হলো তার জবাবদিহি করতে হবে। কারা এ ঘটনার পেছনে মদদ বা উস্কানি দিয়েছে, তা খুঁজে বের করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।”
তিনি সরকারের প্রতি দ্রুত ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, অন্যথায় ফ্যাসিবাদের পক্ষ নিয়ে দাঁড়ানোর সাহস কারা করছে তা ফ্যাসিবাদ বিরোধী শক্তি টের পাবে।



