বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রথম ৬ মাসের মধ্যে এক কোটি বেকারের চাকরির ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি রোববার (৭ সেপ্টেম্বর) পঞ্চগড়ের দেবীগঞ্জ বিজয় চত্বরে উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই ঘোষণা দেন।
ফরহাদ আজাদ আরও বলেন, সব পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে পরিবারগুলোকে আড়াই হাজার টাকার সমমূল্যের খাদ্যদ্রব্য বাড়িতে পৌঁছে দেওয়া এবং সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা ও ওষুধের ব্যবস্থা নিশ্চিত করা হবে। তিনি আশ্বাস দেন, বিএনপি ক্ষমতায় এলে সরকার কৃষিবান্ধব হবে এবং কৃষকদের স্বনির্ভর করতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, কোনো অপশক্তি যদি নির্বাচনের পথে বাঁধা দেয়, তবে নেতাকর্মীদের নিয়ে তা প্রতিরোধ করা হবে। এছাড়াও জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রচারিত মিথ্যা তথ্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
সমাবেশে দেবীগঞ্জ উপজেলা বিএনপি ও কৃষক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



