ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শামীম হোসেন অভিযোগ করেছেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমের মাধ্যমে ট্যাগিং ও প্রোপাগান্ডার মাধ্যমে তাঁর ভোট কমানোর চেষ্টা চলছে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন কেন্দ্রে ভোট প্রদান শেষে সকালে সোয়া ১০টার দিকে সাংবাদিকদের কাছে তিনি বলেন, “কিছু চিহ্নিত গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্ম থেকে পরিকল্পিতভাবে আমাকে ট্যাগ করা হয়েছে। এটি ভোট প্রভাবিত করার একটি প্রচেষ্টা।”
শামীম হোসেন আশ্বাস দিয়েছেন, শিক্ষার্থীরা সচেতন এবং ভোটের মাধ্যমে সঠিক প্রার্থী বেছে নেবেন। তিনি বলেন, “ফলাফল যা-ই আসুক, আমরা তা মেনে নেব।”
সিনেট ভবনের ডাইনিংরুমের বুথে সকালে ১০টা নাগাদ অন্তত ২০ শতাংশ ভোট পড়েছে। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক তৌহিদুল ইসলাম আশা প্রকাশ করেছেন, বিকেল চারটার আগে ৭০ থেকে ৭৫ শতাংশ ভোট গ্রহণ সম্ভব হবে।



