ই নিউজ বিডি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ঘোষণা দিয়েছেন যে বিশ্বের যেখানেই থাকুন না কেন, প্রবাসী বাংলাদেশিরা এবার ভোট দেওয়ার সুযোগ পাবেন। আধুনিক প্রযুক্তির সহায়তায় এই উদ্যোগকে দেশের গণতান্ত্রিক যাত্রার এক ঐতিহাসিক মাইলফলক হিসেবে চিহ্নিত করেছেন তিনি।
মঙ্গলবার রাতে নির্বাচন কমিশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় সিইসি এ তথ্য জানান।
তিনি বলেন, প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিদের ভোট প্রদানের প্রক্রিয়াকে সহজ ও কার্যকর করার জন্য শিগগিরই চালু হবে ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপ। প্রবাসীদের ভোট দিতে হলে এ অ্যাপের মাধ্যমে “আউট অব কান্ট্রি ভোটিং” সিস্টেমে রেজিস্ট্রেশন করতে হবে।
অ্যাপ ডাউনলোড করার পর সেখানে ধাপে ধাপে নির্দেশনা দেওয়া থাকবে। রেজিস্ট্রেশনের সময় জাতীয় পরিচয়পত্র (NID), পাসপোর্টের তথ্য এবং প্রবাসের ঠিকানা জমা দিতে হবে।
সিইসি জানান, ফেস আইডেন্টিফিকেশন ও লাইভনেস ডিটেকশন প্রক্রিয়া সম্পন্ন হলে রেজিস্ট্রেশন বৈধ হবে। এরপর নির্দিষ্ট প্রবাসী ঠিকানায় ব্যালট পেপার পৌঁছে যাবে।
তিনি বিশ্বাস করেন, এই উদ্যোগ দেশের গণতন্ত্রকে আরও সমৃদ্ধ করবে এবং প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করবে।



