ই নিউজ বিডি
প্রকাশ: ১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:০০
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের মান্যবর রাষ্ট্রদূত পাওলো ফারনান্দো দিয়াস ফেরেস বুধবার দুপুর ১২টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হন।
বৈঠক শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তার পূর্ণ আরোগ্য কামনা করেন। সভা অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুইপক্ষ বাংলাদেশে সার্বিক পরিস্থিতি, বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্ক এবং স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। দুই পক্ষই ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ব্রাজিলের দৃঢ় সমর্থন এবং দুই দেশের বিনিয়োগ আরও বৃদ্ধির আশাবাদ প্রকাশ করেছেন।
সাক্ষাতে আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।



