ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বড় নির্বাচনি জোট গঠনের উদ্যোগ নিয়েছে বিএনপি। যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর কাছ থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা চেয়ে ইতিমধ্যে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, “বৃহত্তর নির্বাচনি ঐক্য গঠনের প্রস্তুতি চলছে। উপযুক্ত সময়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।”
দলের একাধিক সূত্র জানায়, বিএনপি ১২ দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণফোরাম, লেবার পার্টি, গণঅধিকার পরিষদসহ ইসলামি ও বামঘরানার দলগুলোর সঙ্গে আলোচনা করছে। ইতোমধ্যে কয়েকটি দলের সঙ্গে প্রাথমিক বৈঠকও সম্পন্ন হয়েছে।
গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলনসহ জোটের নেতারা জানিয়েছেন, বিএনপির সঙ্গে আসন সমঝোতা ও নির্বাচনি সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না বলেন, “আমরা বিএনপির সঙ্গে তালিকা বিনিময়ের প্রস্তুতি নিচ্ছি। তবে শুধু আসন নয়, রাজনীতির দিকনির্দেশনাও গুরুত্বপূর্ণ।”
এদিকে ইসলামি দলগুলোর সঙ্গেও যোগাযোগ করছে বিএনপি। জমিয়তে উলামায়ে ইসলাম ও বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাদের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে প্রাথমিকভাবে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানা গেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির এই উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন মেরূকরণ সৃষ্টি করতে পারে।



