ঢাকা: ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালীন গণহত্যাসহ বিভিন্ন অপরাধে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার যত এগোচ্ছে, ততই নতুন ‘থিওরি’ আনা হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
উপদেষ্টা ফারুকী ভারতের পলাতক শেখ হাসিনার বিবিসিকে দেওয়া একটি অডিও শেয়ার করে ফেসবুকে বলেন, বিচারের রায় ঘনিয়ে আসার পর তিনি এখন নতুন থিওরি নিয়ে আসছেন – ‘আমি মারতে বলি নাই, পুলিশ মারছে’। তিনি কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগ ও তার নেতাদের উদ্দেশ্যে লেখেন, “বাংলাদেশের মানুষকে কি ডিমেনশিয়া আক্রান্ত মনে হয় ওদের?”
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) গড়ে ওঠে। এরপর কোটা সংস্কার আন্দোলন ও অসহযোগ আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন। এরপর ৮ আগস্ট গঠিত হয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যেখানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিযুক্ত হন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।



