ঢাকা: আসন্ন আমন মৌসুমে গত বছরের তুলনায় বেশি দামে সরকার ৭ লাখ টন ধান-চাল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে। এবার সেদ্ধ চাল প্রতি কেজি ৫০ টাকা, আতপ চাল ৪৯ টাকা এবং ধান ৩৪ টাকা দরে কেনা হবে।
মন্ত্রীপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সভাপতিত্বে স্থির করা হয়েছে, আগামী ২০ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সারা দেশে ধান-চাল সংগ্রহ অভিযান চালানো হবে।
গেল বছর সরকার নির্ধারিত সংগ্রহমূল্য কম হওয়ায় লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি। খাদ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সিদ্ধ চাল সংগ্রহ হয়েছিল ৪.৩৫ লাখ টন, যেখানে লক্ষ্য ছিল ৫.৫ লাখ টন। ধান ও আতপ চালেও লক্ষ্যমাত্রার তুলনায় উল্লেখযোগ্য ঘাটতি দেখা দেয়। ফলে ২০২৪-২৫ অর্থবছরে সরকার ৮ লাখ টন চাল বিদেশ থেকে আমদানি করেছিল।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “ধান বিক্রি করতে না পারলে কৃষকের লোকসান হয়। এবার সরকার নির্ধারিত দামে ধান-চাল কিনবে, যাতে কৃষক ন্যায্য মূল্য পান। আমাদের লক্ষ্য খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে।”
খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, “আমন ধানের উৎপাদন খরচ বোরো মৌসুমের তুলনায় কম। তাই এবার ধান ও চালের দাম যৌক্তিকভাবে নির্ধারণ করা হয়েছে। আশা করছি সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় লক্ষ্য অর্জিত হবে।”
বাজারদর: রাজধানীর খুচরা বাজারে চায়না ইরি ও স্বর্ণা জাতের মোটা চাল প্রতি কেজি ৫৪–৬০ টাকা, পাইজাম-আটাশ জাতের চাল ৫৮–৭০ টাকা এবং মিনিকেট ও নাজিরশাইল জাতের চাল ৭২–৮৫ টাকায় বিক্রি হচ্ছে।



