ই নিউজ | প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে তুলনামূলকভাবে ভালো আছেন। তিনি বলেন, “চুপচাপ থাকলে আরো ভালো থাকবেন, উৎপাত করলে বিপদ।” নুর নিজের ফেসবুক পোস্টে এসব মন্তব্য করেন।
নুর বলেন, “স্ত্রী-সন্তান নিয়ে বিদেশে নিরাপদে থাকা নেতাদের কথায় হুজুগে রাস্তায় নেমে নিজেকে ও পরিবারকে অনিরাপদ করবেন না। রাস্তায় নেমে বিপ্লবী জনতার ধোলাই খেলে নেতা দেখতে হাসাপাতালেও আসবে না, গ্রেফতার হলে জেলখানায় কলা-রুটিও পাঠাবে না।”
তিনি আরও বলেন, “কী দরকার মুখোশ পরে ঝটিকা বা গুপ্ত মিছিল করার? ধরা পড়লে পাবলিকের মাইর দুনিয়ায় বাইর।” নুর দাবি করেন, আওয়ামী লীগ এখন দেশের রাজনীতিতে “মরা লাশ” এবং আগামী ৫০ বছরেও রাজনীতিতে ফেরার সম্ভাবনা নেই। তিনি বলেন, “৭৫ সালে শেখ মুজিবের পর, ২০২৪ সালে তার মেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘটিয়ে ভারত পালিয়ে গেছে। এখন বিচারিক প্রক্রিয়ায় এর দাফন-কাফন সম্পন্ন হবে।”
নুর যুক্তি দেন, “মরা লাশের পেছনে ছুটে হয়রান না হয়ে নতুন দিনের সম্ভাবনার নতুন বাংলাদেশের সঙ্গে থাকুন। আমরা এমন বাংলাদেশ গড়ব, যেখানে কোনো ক্ষমতালোভী খুনি শাসক থাকবে না, ফ্যাসিবাদের ছায়া থাকবে না, থাকবে মানুষের ভয়হীন চিত্তে গণতন্ত্র, দেশপ্রেম, সততা ও দায়বদ্ধতার রাজনীতি।”



