ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের ফটকের সামনে প্রায় দুই শতাধিক দুষ্কৃতিকারী জমায়েত হয়ে বাংলাদেশবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। গত ২১ ডিসেম্বর (রোববার) বিকেল আনুমানিক ৫টার দিকে তারা বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে সংঘবদ্ধ দুষ্কৃতিকারীরা বাংলাদেশ হাইকমিশনে হামলা চালায়। উল্লেখ্য, পরপর দুই দিন ধরে একই স্থানে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হামলাকারীরা ‘অখণ্ড হিন্দুরাষ্ট্র’ নামের একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে জড়িত। সংগঠনটির ঘোষিত লক্ষ্যগুলোর মধ্যে বাংলাদেশকে তথাকথিত ‘অখণ্ড ভারতের’ অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়।
ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, ওই সময় উপস্থিত ভারতীয় আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বপ্রাপ্ত সদস্যরা কার্যকর কোনো ব্যবস্থা নেননি। বরং অভিযোগ উঠেছে, আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য হামলাকারীদের নিরুৎসাহিত না করে নিষ্ক্রিয় ভূমিকা পালন করেন এবং কেউ কেউ তাদের উৎসাহও দেন।
পরপর দুই দিন হাইকমিশনের সামনে এ ধরনের সহিংস ও ভীতিকর ঘটনার ফলে সেখানে কর্মরত বাংলাদেশি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারবর্গের সদস্যরা গভীর উদ্বেগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনাটি কূটনৈতিক নিরাপত্তা ও আন্তর্জাতিক রীতিনীতির প্রশ্নে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।



