প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘হিসাব সহকারী’ পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিকেল ৩টা থেকে ৪টা ২০ মিনিট পর্যন্ত সময়ের পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো এবং স্থগিত পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। তবে অধিদপ্তর অনিবার্য কারণের কথা বললেও সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে পরীক্ষা দিতে আসা অনেক চাকরিপ্রার্থী বিপাকে পড়েন। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে এবং ফাঁস হওয়া প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর দ্রুত নিয়োগ পরীক্ষা স্থগিত করে বিজ্ঞপ্তি জারি করে। ফাঁস হওয়া প্রশ্ন ফেসবুকে শেয়ার করে মোহাম্মদ সৌরভ নামের একজন লেখেন, প্রাইমারীর ‘হিসাব সহকারী’ পরীক্ষার প্রশ্নফাঁস, বিকেলে এই প্রশ্নেই পরীক্ষা হওয়ার কথা ছিল।



