পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা সারা পৃথিবী থেকে বিদেশি পর্যবেক্ষকদের আহ্বান করেছি। আমরা চাই বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকুক, যাতে নির্বাচনের সময় কেউ কোনো ধরনের গণ্ডগোল করার সুযোগ না পায়। শনিবার (২৭ ডিসেম্বর) ভোলা সরকারি স্কুল মাঠে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর প্রচারণার ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকান রিপাবলিক ইনস্টিটিউটসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পর্যবেক্ষক পাঠাবে। তাদের সব ধরনের সহযোগিতা সরকার দেবে এবং পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কারণ তারা দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তিনি আশা প্রকাশ করেন, এবার অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান ও পুলিশ সুপার মো. শহিদুল্লা কাওছার উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ভোটের গাড়ির উদ্বোধনে উপস্থিত থেকে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের বিষয়গুলো প্রত্যক্ষ করেন।



