এনসিপি-জামায়াত জোট গঠনের বিষয়টি সংশ্লিষ্ট দলগুলোর নিজস্ব রাজনৈতিক সিদ্ধান্ত হলেও এটি এনসিপির ঘোষিত দলীয় আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। সিইসির সঙ্গে বৈঠকে নির্বাচন-সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আরপিওতে স্পষ্ট উল্লেখ না থাকলেও মনোনয়নপত্র দাখিলের সময় প্রার্থীদের সন্তানের সম্পদের হিসাব জমা দেওয়ার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, তা জটিলতা সৃষ্টি করছে এবং বিষয়টি কমিশনের সামনে তুলে ধরে আলোচনা করা হয়েছে। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের অপব্যবহার ও অপপ্রচার নিয়েও বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি। নির্বাচনের সময় এআই ব্যবহার করে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর আশঙ্কা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব অপব্যবহার ও অপপ্রচারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জোরালো পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে এ বিষয়ে বিএনপি কমিশনের কাছ থেকে স্পষ্ট উদ্যোগ প্রত্যাশা করে বলে জানান তিনি।



