হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয় পরিদর্শন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত অবকাঠামো ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বলেন, পক্ষে-বিপক্ষে মতভেদ থাকবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য, তবে সহিংসতা ও হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি আরও বলেন, গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীন হওয়া উচিত এবং মিডিয়ার ওপর সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করে না। নৌপরিবহন উপদেষ্টা বলেন, মিডিয়া হচ্ছে সরকারের চোখ এবং সরকার ও গণমাধ্যমকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে বলেও তিনি জানান। তিনি বলেন, দেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মিডিয়া সত্য তুলে ধরবে—এটাই জনগণের প্রত্যাশা। ২০২৪ সালের গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা উল্লেখ করে তিনি বলেন, আগামী সরকার অবশ্যই অতীত থেকে শিক্ষা নেবে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবে। উপদেষ্টা আরও বলেন, এত বড় একটি দুর্ঘটনার পরও মাত্র এক দিনের মধ্যে পত্রিকা প্রকাশের সক্ষমতা একটি বিরাট সাহসিকতা ও পেশাদারিত্বের পরিচয় এবং এ জন্য তিনি প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মকর্তা-কর্মচারীদের দৃঢ়তার প্রশংসা করেন। দীর্ঘদিনের গণমাধ্যম সংশ্লিষ্টতার কথা উল্লেখ করে পরিদর্শন শেষে তিনি ক্ষতিগ্রস্ত গণমাধ্যমকর্মীদের প্রতি সংহতি প্রকাশ করেন এবং বলেন, গণমাধ্যম ঘুরে দাঁড়াবে, গণমাধ্যমের স্বাধীনতা বজায় থাকবে। এ সময় ডেইলি স্টারের উপদেষ্টা সম্পাদক কামাল আহমেদ, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফসহ দায়িত্বশীল কর্মকর্তা ও সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



