দীর্ঘ দেড়যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেল ৩টা ৩৫ মিনিটে তিনি রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে পৌঁছান। তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয় দলীয় কার্যালয়। ফুলেল শুভেচ্ছায় তাকে স্বাগত জানান বিএনপির কেন্দ্রীয় দপ্তরের কর্মকর্তারা। সকাল থেকেই দলটির হাজার হাজার নেতাকর্মী নয়াপল্টন এলাকায় জড়ো হন, যাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যায়। কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে এবং কোনো নেতাকর্মীকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুরো কার্যালয় সিএসএফের নিরাপত্তা বেষ্টনীতে ঘেরা রয়েছে। পাশাপাশি নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি জারি করা হয়েছে। এর আগে র্যাবের ডগ স্কোয়াড দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার পর গতকাল ২৮ ডিসেম্বর প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ করেন তারেক রহমান। আজ সোমবার তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কার্যক্রমে অংশ নেবেন।



