কারওয়ান বাজারে সিন্ডিকেটভিত্তিক চাঁদাবাজির বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এই নিন্দা জানান। বিবৃতিতে তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে হামলা গণতান্ত্রিক অধিকার ও আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী। চাঁদাবাজির মতো ঘৃণ্য অপরাধ দমনে রাষ্ট্র ও প্রশাসনের কার্যকর ভূমিকা থাকা জরুরি, সেখানে প্রতিবাদরত নিরীহ ব্যবসায়ীদের ওপর সন্ত্রাসী আক্রমণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে হামলায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং কারওয়ান বাজারের ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি কারওয়ান বাজারসহ সারাদেশে চাঁদাবাজি ও সিন্ডিকেট প্রথা বন্ধে প্রশাসনের কার্যকর, নিরপেক্ষ ও দৃঢ় পদক্ষেপ প্রত্যাশা করেন।



