জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন সদ্য সাবেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের সম্মুখসারির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দলটির মুখপাত্রের দায়িত্ব পেতে পারেন। সোমবার একাধিক সূত্রে এমন তথ্য জানা গেলেও তিনি এ বিষয়ে এখনও স্পষ্ট অবস্থান জানাতে পারেননি। তবে সদ্য পদত্যাগ করা আরেক উপদেষ্টা ও জুলাই অভ্যুত্থানের নেতা মাহফুজ আলম এনসিপিতে যোগ দিচ্ছেন না বলে জানিয়েছেন। গতকাল রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শীর্ষক পোস্টে মাহফুজ আলম লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল এবং তিনি এ দুই সংগঠনের সঙ্গে গত দেড় বছরে পরামর্শ ও সহযোগিতা করেছেন। তিনি স্পষ্ট করেন, তিনি এনসিপির অংশ হচ্ছেন না এবং ঢাকার কোনো আসনে জামায়াত-এনসিপি জোটের প্রার্থী হওয়ার চেয়ে তার লং স্টান্ডিং পজিশন ধরে রাখা গুরুত্বপূর্ণ। উপদেষ্টা পরিষদ থেকে আসিফের পদত্যাগের পর থেকেই এনসিপিতে যোগ দেওয়ার গুঞ্জন চলছিল। এনসিপির একাধিক সূত্র বলছে, আসিফ দলটির মুখপাত্র হতে যাচ্ছেন এমন আলোচনা হয়েছে। তবে ঢাকা-১০ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তিনি। এরপর কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।



