জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ইনসাফের প্রশ্নে তাদের অবস্থান আনকম্প্রোমাইজিং থাকবে। সোমবার তিনি কুমিল্লা-৪ আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট থেকে মনোনয়নপত্র জমা দেন। বিকেল সাড়ে ৩টায় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন জামায়াত নেতা সাফুল ইসলাম শহীদ। এছাড়াও চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য, জোট নেতারা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠায় কাজ করবেন। ফ্যাসিবাদের কারণে দীর্ঘ ১৭ বছরে মানুষের মানবিক অধিকার বঞ্চিত হয়েছে এবং গণতন্ত্র লুণ্ঠিত হয়েছে। সেই অবস্থান থেকে অর্থনৈতিক মুক্তি এবং ভোটাধিকার নিশ্চিত করা হবে যাতে তা সার্বজনীন হয়। তিনি আরও বলেন, ইনসাফ প্রতিষ্ঠার পথে শহীদ হয়েছেন ওসমান হাদি। রাষ্ট্রের স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জোটের মনোভাব বজায় রাখা হবে এবং ইনসাফের প্রশ্নে তাদের অবস্থান আনকম্প্রোমাইজিং থাকবে।



