ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকারীদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে সামাজিক মাধ্যমে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সরকারি এক্স হ্যান্ডেলে লিখেছে, সামাজিক মাধ্যমে কিছু পোস্ট তাদের নজরে এসেছে যেখানে দাবি করা হয়েছে যে স্পেশাল টাস্ক ফোর্স প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। পুলিশ জানিয়েছে, “এই সংবাদ সম্পূর্ণ ভিত্তিহীন।” ফেসবুকের কিছু পোস্টে দাবি করা হয়েছিল, ওসমান হাদির খুনিদের সাহায্য করার অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ পাঁচ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে। এর আগে রোববার ঢাকা মেট্রোপলিটান পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছিল, খুনিরা সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়েছে এবং মেঘালয় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। তবে মেঘালয় পুলিশ এবং বিএসএফ এই দাবি আগে থেকেই খারিজ করেছে। মেঘালয় পুলিশের মহা-পরিচালক ইদাশিশা নংগ্রাং জানিয়েছেন, পলাতক খুনিদের সহায়তার জন্য ওয়েস্ট গারো হিলস জেলায় দুজন গ্রেপ্তার হয়েছে এমন কোনো প্রমাণ নেই। বিএসএফের মেঘালয় সীমান্ত অঞ্চলের ইন্সপেক্টর জেনারেল ওম প্রকাশ উপাধ্যায় বলেছেন, “হালুয়াঘাট দিয়ে কেউ আন্তর্জাতিক সীমান্ত পার হয়নি।” ঢাকার পুলিশ রোববার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের গ্রেপ্তার করা আসামি এবং সীমান্ত সূত্রের ভিত্তিতে তারা ওই দাবি করেছে।
ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেপ্তারের গুঞ্জন ভিত্তিহীন বলল পশ্চিমবঙ্গ পুলিশ
RELATED ARTICLES



