খালেদা জিয়ার জানাজা শেষে হেঁটে ফিরছে লাখো জনতা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ শেষে সাধারণ মানুষ নিজ নিজ গন্তব্যে হেঁটে ফিরছে। বুধবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ তার জানাজায় শরিক হয়। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের আপামর জনতার কণ্ঠস্বর হিসেবে পরিচিত খালেদা জিয়া গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। স্মরণকালের বৃহৎ এই জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানাতে ঢাকায় মানুষের ঢল নামে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে ফার্মগেট হয়ে প্রায় শাহবাগ মোড় পর্যন্ত জানাজার সারি পৌঁছে যায়, অপরদিকে খামারবাড়ি হয়ে বিজয় সরণি পর্যন্তও মানুষের উপস্থিতি দেখা যায়। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি ফ্যাসিস্ট ও ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বিপুলসংখ্যক সাধারণ মানুষ জানাজায় অংশ নেয়। জানাজা শেষে শাহবাগসহ আশপাশের এলাকায় যানবাহন না থাকায় লাখো মানুষ হেঁটেই নিজ নিজ কর্মস্থল ও গন্তব্যের দিকে রওনা দেন।



