আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের আর্থিক অবস্থার পূর্ণাঙ্গ বিবরণ তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। হলফনামার তথ্যে দেখা যায়, তার নামে কোনো বাড়ি, গাড়ি বা ভবন নেই এবং হাতে নগদ অর্থ রয়েছে সাড়ে তিন লাখ টাকারও কম। হলফনামা অনুযায়ী, সারজিস আলমের হাতে নগদ রয়েছে ৩ লাখ ১১ হাজার ১২৮ টাকা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণ ১ লাখ টাকা। তার নামে ১৬ দশমিক ৫০ শতক কৃষিজমি রয়েছে, যা তিনি দান হিসেবে পেয়েছেন। জমিটি অর্জনের সময় মূল্য ছিল মাত্র ৭ হাজার ৫০০ টাকা, বর্তমানে যার আনুমানিক বাজারমূল্য ধরা হয়েছে ৫ লাখ টাকা। ব্যবসা থেকে বছরে তার আয় দেখানো হয়েছে ৯ লাখ টাকা। শিক্ষাগত যোগ্যতা হিসেবে তিনি স্নাতকোত্তর (মাস্টার্স) ডিগ্রির কথা উল্লেখ করেছেন। হলফনামায় আরও উল্লেখ করা হয়, সারজিস আলমের নামে একটি মামলা রয়েছে, যা বর্তমানে তদন্তাধীন। তার নামে কোনো বন্ড, ঋণপত্র বা শেয়ারবাজারে তালিকাভুক্ত শেয়ার নেই। আসবাবপত্রের মূল্য দেখানো হয়েছে ৭৫ হাজার টাকা এবং ইলেকট্রনিক সামগ্রীর মূল্যও ৭৫ হাজার টাকা। তার কোনো আগ্নেয়াস্ত্র নেই এবং মালিকানায় কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট কিংবা ভবন নেই। ২০২৫–২০২৬ অর্থবছরের আয়কর রিটার্নে সারজিস আলম মোট আয় দেখিয়েছেন ২৮ লাখ ৫ হাজার টাকা। আয়কর নথি অনুযায়ী, তার মোট সম্পদের মূল্য ৩৩ লাখ ৭৩ হাজার ৬২৮ টাকা, যার বিপরীতে তিনি আয়কর পরিশোধ করেছেন ৫২ হাজার ৫০০ টাকা।



