জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলে ধরেন ইউটিএলের সদস্যসচিব অধ্যাপক ড. বিলাল হোসাইন।
সংবাদ সম্মেলনে ড. বিলাল হোসাইন বলেন, ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছেন, একটি নির্দিষ্ট প্যানেলের পোলিং এজেন্টের হাতে ব্যালট নম্বর-সংবলিত একটি বড় বই দেখা গেছে। তিনি জানান, কয়েকটি ভোটকেন্দ্রে এমন বই পাওয়া গেছে, যেখানে স্পষ্টভাবে ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নাম উল্লেখ ছিল। এটি নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, শুধু কে এই কাজ করেছে তা নয়, বরং কীভাবে এ ধরনের ব্যালট নম্বরসংবলিত তালিকা তৈরি হলো এবং কীভাবে তা পোলিং এজেন্টদের হাতে পৌঁছাল—এই প্রশ্নগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইউটিএলের পক্ষ থেকে বিষয়টি নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানানো হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে ইউটিএলের সদস্যসচিব বলেন, শিক্ষার্থীরা যেন নিরাপদ ও নির্ভয়ে ভোট দিতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব। একই সঙ্গে তিনি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ইউটিএলের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।



