জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি বিশেষ গোষ্ঠীকে প্রাধান্য দিচ্ছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। মঙ্গলবার ভোটের শেষ সময়ে বেলা পৌনে ৩টার দিকে ভাষা শহীদ রফিক ভবনের নিচতলায় এক সংবাদ সম্মেলনে প্যানেলের জিএস পদপ্রার্থী ও ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ এসব অভিযোগ করেন। তিনি বলেন, শুরুতে নির্বাচন কমিশন ও প্রশাসন আন্তরিকতা দেখালেও পরে একটি গোষ্ঠীকে সুবিধা দিতে একাধিকবার নির্বাচন পেছানো হয়েছে এবং ভোটের দিনও ওই গোষ্ঠী প্রাধান্য পাচ্ছে। তাদের কোনো চিরকুট বা প্রচারপত্র কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, অথচ একটি বিশেষ দলের বই আকারে ছাপানো কাগজ ঢুকতে দেওয়া হয়েছে, যেখানে একপাশে ‘আইডিকার্ড’ এবং অপরপাশে প্রার্থীদের ব্যালট নম্বর লেখা ছিল। তিনি আরও অভিযোগ করেন, শিবির প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলামের স্ত্রী আইন বিভাগের শিক্ষার্থী মহিমা আক্তারকে জামায়াত নেত্রী বলে ট্যাগিং দিয়ে হেনস্থা করা হয়েছে এবং একজন হেনস্তার শিকার ছাত্রীকে পুলিশ ভ্যানে তোলা হয়েছে। এর আগে এক এজেন্টের হাতে ‘প্যানেল পরিচিতি’ পাওয়ার অভিযোগও ওঠে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের বিরুদ্ধে, যদিও তাদের ভিপি প্রার্থী এ কে এম রাকিব এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রক্টরিয়াল বডির অনুমতি নিয়েই বিষয়টি করা হয়েছে এবং এটি কোনো ভোট কারচুপি নয়। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।



