চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় আবারও বাড়িয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। ফরম পূরণের সময় আরও চার দিন বৃদ্ধি করা হয়েছে। নতুন সময়সীমা অনুযায়ী পরীক্ষার্থীরা আগামী ৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) পর্যন্ত বিলম্ব ফিসহ ফরম পূরণ করতে পারবেন। সোমবার (২ ফেব্রুয়ারি) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষার্থীরা এই সময়ের মধ্যে ফরম পূরণ সম্পন্ন করতে পারবেন এবং ‘সোনালী সেবার’ মাধ্যমে ফি জমা দেওয়ার শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের উল্লিখিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।



