জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শুরু হয়। নির্বাচন কমিশনার অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে যে ক্রস চিহ্ন ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে আছে কি না। ক্রস ছাড়া অন্য চিহ্ন থাকলে ওই পদের ভোট বাতিল হবে। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলেছে। এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৬৪৫। বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়, পরে শিক্ষার্থীদের বিক্ষোভের পর ৬ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করা হয়। নির্বাচনে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’, ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’, ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থি সমর্থিত ‘মওলানা ভাসানী ব্রিগেড’ প্যানেলসহ একটি আংশিক প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন।



