বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল পাঠাবে বলে জানিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবস। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। তিনি বলেন, ইইউর দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ডিসেম্বরের শেষ থেকেই বাংলাদেশে কাজ করছেন এবং আগামী ১২ ফেব্রুয়ারি স্বল্পমেয়াদি পর্যবেক্ষকরা তাদের সঙ্গে যোগ দেবেন। ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ সব মিলিয়ে নির্বাচনের সময় মাঠে থাকবেন ইইউর ২০০ জন পর্যবেক্ষক। একই সঙ্গে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজন নির্বাচন কমিশনের জন্য একটি চ্যালেঞ্জ হলেও কমিশন তা যথাযথভাবে সামাল দিতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। ড. ইভারস আইজাবস বলেন, ইইউ সম্পূর্ণ নিরপেক্ষভাবে নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে, কারণ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি আরও বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এবারের নির্বাচনটি হবে ঐতিহাসিক এবং অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



