ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এমন কোনো দৃশ্যমান ঘটনা ঘটেনি, যার মাধ্যমে বলা যাবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। এখন পর্যন্ত নির্বাচনি পরিবেশ খুবই ভালো এবং ছোট-বড় সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। দু-একজন এ নিয়ে কথা বললেও বাস্তবে সবার জন্যই সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে বলে তিনি উল্লেখ করেন। শুক্রবার দুপুর ১২টায় ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করে। সবাই যেন শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে, সেটিই সবার প্রত্যাশা। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কিছু ব্যক্তি মাজারে হামলা চালাচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয় বলে তিনি মন্তব্য করেন। এর আগে সকালে তিনি নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার ও ঘাট এলাকায় হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।



