ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত এবং ভবিষ্যতে এই ভূখণ্ডের কোনো শাসনব্যবস্থার অংশ হতে চায় না। টিআরটি ওয়ার্ল্ডের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে হামাসের মুখপাত্র হাজেম কাসেম জানান, গাজার প্রশাসন তদারকির জন্য স্বাধীন একটি কমিটি গঠনের অপেক্ষায় রয়েছে হামাস। তিনি বলেন, শাসনভার হস্তান্তরের প্রক্রিয়া সহজ করতে হামাস সহযোগিতা করবে এবং কমিটির কার্যক্রমে সহায়তা দেবে। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা পরিচালনার জন্য যেকোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে হামাস। তার এই বক্তব্য আসে ২০২৪ সালের মার্চে গাজা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত জরুরি আরব শীর্ষ সম্মেলনের সিদ্ধান্তের প্রেক্ষাপটে, যেখানে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি প্রত্যাখ্যান করা হয়। ওই পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে, যা হবে স্বাধীন ও নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত এবং ফিলিস্তিন সরকারের অধীনে কাজ করবে।
হামাস গাজায় প্রশাসনিক নিয়ন্ত্রণ স্বতন্ত্র কমিটিকে হস্তান্তর করতে প্রস্তুত
RELATED ARTICLES



