দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি ও আদর্শ পরিপন্থি কার্যকলাপের অভিযোগে বহিষ্কৃত ৮ নেতাকে আবার দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি–আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের কারণে সুনামগঞ্জ জেলার বিশম্ভপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সুলেমান হোসেন সুমন, সিলেট জেলার জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তোফায়েল আহমেদ চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য এ কে এম আজহারুল হক রিপন, ফুলপুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমরান হাসান পল্লব, ফুলপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মুখলেসুর রহমান বুলু এবং পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী আলমকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আজ বহিষ্কার আদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদারকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে দেওয়া অব্যাহতির আদেশও তার আবেদনের প্রেক্ষিতে প্রত্যাহার করা হয়েছে।



