তিন দেশের প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বিশেষ সুবিধা নিয়ে এসেছে ‘আমি প্রবাসী’ অ্যাপ। ওমান, কাতার ও সৌদি আরবগামী প্রবাসীরা এখন যাত্রার আগে এই অ্যাপের মাধ্যমে তাদের ভিসা যাচাই করতে পারবেন। ১৬৭৬৮ নাম্বারে কল করেও সহজেই এই জরুরি সেবা পাওয়া যাবে। রোববার ‘আমি প্রবাসী’ অ্যাপের মালিকাধীন প্রতিষ্ঠান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসী কর্মীদের ভিসা-সংক্রান্ত প্রতারণা থেকে সুরক্ষা দেওয়া, নিরাপদ ও স্বচ্ছ অভিবাসন নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য। সেবা ইতোমধ্যেই চালু হয়েছে এবং ১৬৭৬৮ নম্বরে ফোন করে গ্রাহকরা ভিসা যাচাই সেবা নিতে পারবেন। গ্রাহক হেল্পলাইনে কল করে ভিসার প্রয়োজনীয় তথ্য দেবেন, এরপর ‘আমি প্রবাসী’ টিম তথ্য যাচাই করবে। যাচাই শেষে গ্রাহকের মোবাইলে এসএমএস পাঠানো হবে, যেখানে ভিসা বৈধ নাকি অবৈধ তা জানানো হবে। যদি কোনো ভিসার তথ্য সার্ভারে না পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট দেশের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হবে। ভিসা বৈধ হলে এবং সংশ্লিষ্ট সরকারের অনুমোদন থাকলে, এসএমএসে ভিসার বৈধতা নিশ্চিত করা হবে।



