সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের দাবিতে ফের বিক্ষোভ মিছিল করেছে প্রার্থী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে পৌনে ১২টা থেকে প্রশাসন ভবন-১-এর সামনে কর্মসূচি পালন করা হয়। তারা আজই চেম্বার আদালতে শুনানি ও ২১ জানুয়ারি নির্বাচনের ঘোষণা দেওয়ার দাবি জানান। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘হাইকোর্ট না শাকসু, শাকসু শাকসু’, ‘শাকসু নিয়ে টালবাহানা, মানি না মানব না’, ‘হাদি ভাই শিখিয়ে গেছে, লড়াই করে বাঁচতে হবে’, ‘সাস্টিয়ানদের ডিসিশন, কালকে হবে নির্বাচন’, ‘আমাদের ডিসিশন, মানতে হবে প্রশাসন’, ‘শাকসু আমার অধিকার, রুখে দেওয়ার সাধ্য কার’, ‘শাকসু চাই শাকসু দাও, নয়তো গদি ছাইড়া দাও’—এরকম স্লোগান দেন। স্বতন্ত্র জিএস প্রার্থী ফয়সাল হোসেন গণমাধ্যমে বলেন, ‘আজকের মধ্যেই ২১ তারিখে শাকসু নির্বাচন আয়োজনের ঘোষণা আসতে হবে। জাতীয় নির্বাচনের কারণে ২২ তারিখ থেকে শাকসু আয়োজনের সুযোগ নেই। তাই আজ যদি চেম্বার শুনানি না হয়, তাহলে এর পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। ২১ তারিখ নির্বাচন না হলে সাস্টিয়ানরা বসে থাকবে না। কোনো কারণে যদি শাকসু না হয়, এর ভয়াবহতা এ ক্যাম্পাস ছাড়াও জাতীয় অঙ্গনেও মারাত্মক প্রভাব ফেলবে।’ শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম গণমাধ্যমে বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে চেম্বার জজ আদালতে আপিল করা হয়েছে। আমরা শুনানির জন্য অপেক্ষায় আছি। চেম্বার জজ আদালত নির্বাচন আয়োজনের পক্ষে বা বিপক্ষে রায় দিলে, তখন ফাইনাল সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন ঝুলন্ত অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয়ের আইনজীবী সর্বোচ্চ চেষ্টা করছেন আজই শুনানি করার জন্য। নির্বাচনের পক্ষে রায় এলে নির্বাচন হবে, না এলে চার সপ্তাহ পরে হবে। আমাদের প্রস্তুতিতে কোনো সমস্যা নেই। যেকোনো সময় আমরা নির্বাচন দিতে পারব। এখন শুধু রায়ের জন্য অপেক্ষা।’



