নির্বাচনের আগে একটি দল মানুষকে ঠকাচ্ছে বলে মন্তব্য করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন আমি আপনাদের সামনে একটি প্রশ্ন করতে চাই—এখানে কারা ওমরা বা হজ করে এসেছেন, হাত তুলুন। তখন মাঠে উপস্থিত একাধিক ব্যক্তি হাত তোলেন। তাদের মধ্যে একজনকে মঞ্চে ডেকে এনে তারেক রহমান জিজ্ঞেস করেন—আপনি কাবা শরীফে গেছেন? কাবা শরীফের মালিক কে? ওই ব্যক্তি বলেন—আল্লাহ। তখন তারেক রহমান বলেন, আমরা সবাই মুসলমান। এই দুনিয়া, এই পৃথিবীর মালিক কে? হজ করা ব্যক্তি বলেন—আল্লাহ। এই সূর্য, নক্ষত্র, বেহেশত—সব কিছুর মালিক কে? আল্লাহ। এরপর তারেক রহমান বলেন, যেটার মালিক আল্লাহ, সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কী দাঁড়ায়? নির্বাচনের আগে একটি দল বলছে—এই দেবো, ওই দেবো, বেহেশতের টিকিট দেবো। যেটার মালিক মানুষ না, সেটা নিয়ে কথা বললে কি শিরক করা হয় না? আগে তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে কেমন ঠকাবে এবার বোঝেন। শুধু ঠকাচ্ছে না, মুসলমানদের শিরকের দিকে ঠেলে দিচ্ছে—নাউজুবিল্লাহ। তিনি আরও বলেন, একটি দলের নেতারা বলছেন অমুককে দেখেছি, তমুককে দেখেছি। কিন্তু ১৯৭১ সালের যুদ্ধে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি। যাদের ভূমিকার কারণে লাখ লাখ মানুষ শহীদ হয়েছে, মা-বোনেরা সম্মান হারিয়েছেন, তাদের ভূমিকা বাংলাদেশের মানুষ দেখেছে। এখন মিথ্যা, টুফরি ও হটকারিতার বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা দেশকে স্বৈরাচারমুক্ত করেছি, এখন মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।



